বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিক মাসুদকে বিয়ে করলেন কলেজছাত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক আয়োজনে প্রবাসী এক যুবকের সঙ্গে বন্যা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছয় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাবিননামা সম্পন্ন করার পর বরযাত্রীদের খাওয়াদাওয়াও শেষ হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঠিক সেই সময় হঠাৎ মাসুদ নামের এক যুবক সেখানে উপস্থিত হন। তিনি দাবি করেন, বন্যা আক্তারের সঙ্গে তার দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি তাদের একাধিক ছবি দেখালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় কনের পক্ষের লোকজন তাকে মারধর করেন। এতে মাসুদ অচেতন হয়ে পড়েন এবং পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে।
পরবর্তীতে নববধূ বন্যা আক্তার জানান, তিনি প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। এরপর দুই পক্ষের আলোচনার মাধ্যমে প্রবাসী স্বামীর সঙ্গে সম্পাদিত প্রথম বিয়ে ভেঙে দেওয়া হয়।
রাত গভীর হলে প্রায় সাড়ে তিনটার দিকে চার লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে মাসুদ মিয়ার সঙ্গে পুনরায় বন্যা আক্তারের বিয়ে সম্পন্ন হয়।
বন্যা আক্তার জানান, দীর্ঘদিন ধরে মাসুদের সঙ্গে তার সম্পর্ক ছিল। পারিবারিক চাপে তিনি প্রথমে প্রবাসী যুবককে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।