লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বোমা মেরে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে খুলনার পাইকগাছায় বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুমকিদাতা এক যুবককে আটক করে পুলিশ, পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার বিকেলে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে হুমকি দেন দেবজতী নামে এক যুবক। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতের দিকে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাইকগাছায় লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এমনকি চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে মানুষের ক্ষোভ বাড়তে থাকায় একপর্যায়ে ওই যুবক হুমকি দেন।
পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, চাহিদা অনুযায়ী প্রতিদিন যেখানে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সরবরাহ মিলছে মাত্র তিন মেগাওয়াট। প্রতি ছয় ঘণ্টা পরপর এক মেগাওয়াট করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, যা পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, সীমিত সরবরাহের বাইরে তাদের কিছু করার সুযোগ নেই। এর মধ্যেই হুমকির বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক যুবক তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।