প্রথম মাসের বেতন থেকে বেদে শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত আবদুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:১৯ পিএম
সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার অগ্রগতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের বড় অংশ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করেছেন।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
জানা যায়, সমাজের মূলধারা থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে তিনি “চলুন দেখা করি বেদে প্রতিভাদের সঙ্গে” নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
এছাড়া উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় অধ্যয়নরত বেদে শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নিয়মিত শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
স্থানীয় বেদে সম্প্রদায়ের নেতা আলাউদ্দিন ওঝা বলেন, এই ব্যক্তিগত উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তাদের সন্তানরা যাযাবর জীবনের সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ গড়তে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় সমাজেরই অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে শিক্ষা ও সুযোগ থেকে বঞ্চিত। তাদের মধ্যে থাকা মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরিই এই উদ্যোগের মূল লক্ষ্য।