ফেসবুকে প্রেম, ঢাকায় চীনা যুবককে বিয়ে করে গ্রামে ফিরলেন তরুণী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০৩ পিএম
ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসেছেন আন হুং ওয়েই নামে এক যুবক। প্রেমের সম্পর্কের পর ঢাকায় এসে মোরশেদা বেগমকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এই চীনা নাগরিক।
মোরশেদা বেগম স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেনের মেয়ে। বিদেশি জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, আবার কেউ কথা বলার চেষ্টা করছেন তার সঙ্গে। পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে আন হুং ওয়েই ও মোরশেদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন যোগাযোগের পর চীনা যুবক বাংলাদেশে এসে ঢাকায় মোরশেদাকে বিয়ে করেন। পরে নবদম্পতি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয়দের ভাষ্য, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও ভালোবাসার টানেই এক হয়েছেন তারা। আন হুং ওয়েইয়ের আন্তরিকতা ও সহজ-সরল আচরণ ইতোমধ্যেই মন জয় করেছে এলাকাবাসীর।
মোরশেদা জানান, মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক শুরু হয়। পরে আন হুং ওয়েই তাকে পছন্দ করে বাংলাদেশে এসে বিয়ে করেন। ভবিষ্যতে তাকে চীনে নিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এজন্য স্বামীকে গ্রামের বাড়িতে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
আন হুং ওয়েই বলেন, “মোরশেদাকে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে অনেক ভালোবাসি। এখানে এসে আমার খুব ভালো লাগছে।” এ সময় তিনি তাদের বিয়ের কাগজপত্রও দেখান।
কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস আলম বলেন, বিষয়টি শুনে তিনি নিজেই দেখতে এসেছেন এবং ছেলেটিকে তার ভালো লেগেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে চীনা যুবকের ফুলবাড়ীতে আসার বিষয়টি তিনি শুনেছেন।