প্রচারণার সময় জামায়াত প্রার্থী ও সমর্থকদের ওপর বিএনপির হামলা-গুলি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা এ হামলা চালিয়েছে। এতে তার গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং বহু নেতা–কর্মী আহত হন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের অনেককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে চড় গড়াগড়ি এলাকায় জামায়াত কর্মীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। আজ ওই এলাকায় প্রচারণায় যান পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এবং তার সমর্থকরা। তারা আলহাজ্ব মোড়ে পৌঁছালে স্থানীয় বিএনপি কর্মী মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

ফেরার পথে মৃধাপাড়ার কাছে আবারও হামলার শিকার হন তারা। এ সময় আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি সামান্য আহত হন। শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও বহু নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা জানান প্রত্যক্ষদর্শীরা।

অধ্যাপক আবু তালেব অভিযোগ করে বলেন, “পূর্ব নির্ধারিত প্রচারণায় গেলে বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার গাড়ি ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।”

ঈশ্বরদী থানার ওসি আসম আব্দুন নুর বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। এখান থেকে না সরলে কিছু বলা যাবে না। দুই ঘণ্টা পর বিস্তারিত জানানো যাবে।”

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কাছে মন্তব্য জানতে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970