ক্রীড়া ভাতা কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে ক্রীড়া ভাতা কার্ড। দ্বিতীয় ধাপে এই কার্ড বিতরণের ধারাবাহিকতায় বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজ হাতে কার্ড গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসভবনে গিয়ে।
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে খেলা জামাল ভূঁইয়া বলেন, খেলোয়াড়দের জন্য এ ধরনের উদ্যোগ আগে কখনো দেখা যায়নি। তার ভাষায়, এটি শুধু ক্রীড়া কার্ড নয়, বরং ‘আমিনুল কার্ড’। কারণ খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার বিষয়টি এভাবে কেউ ভাবেননি আগে।
২০১৩ সাল থেকে জাতীয় দলে খেলা জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এতদিন ফুটবলাররা সরকারের নিয়মিত আর্থিক সহায়তার বাইরে থাকলেও এই কার্ড চালুর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
এদিকে, আসন্ন এশিয়ান বীচ গেমস উপলক্ষে ২২ এপ্রিল চীনের সানিয়া শহরে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় যোগ দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ ছাড়ার আগে নিজ বাসভবনে জামালের হাতে এই কার্ড তুলে দেন। যদিও দলের সঙ্গে থাকার কথা থাকলেও জামাল আলাদাভাবে গিয়ে কার্ড গ্রহণ করেন।
জামালের অবদানের প্রশংসা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ফুটবলে বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের আগ্রহ তৈরিতে জামাল পথিকৃৎ। তাকে অনুসরণ করেই অনেক খেলোয়াড় এখন জাতীয় দলে যুক্ত হচ্ছেন।
২০০৩ সালের পর আবার সাফ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সম্ভাব্য আসর আয়োজন ও দলের প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার সব ধরনের সহায়তা দেবে এবং আবারও শিরোপা জয়ের আনন্দ দেখতে চায় দেশবাসী।
এছাড়া জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়েও আলোচনা চলছে। সীমিত সামর্থ্যের মধ্যেই ভালো মানের কোচ আনার চেষ্টা চলছে বলে জানান তিনি, যাতে খেলোয়াড়দের দক্ষতা আরও উন্নত হয়।
জামাল ভূঁইয়ার সঙ্গে ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহসিন, যিনি দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের সঙ্গে যুক্ত। ক্রীড়া সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের জন্যও ভবিষ্যতে কিছু করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।