জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করাই ভালো: তামিম ইকবাল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:১৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসর ঘিরে ফিক্সিং, অর্থ পরিশোধ জটিলতা এবং দল ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার চেয়ে না করাই ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনোভাবে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। যদি ফ্র্যাঞ্চাইজি না পাওয়া যায়, তাহলে টুর্নামেন্ট না করাই ভালো। শুধুমাত্র আয়োজনের জন্য আয়োজন করা উচিত নয়। তিনি বলেন, নিয়মিত বিপিএল হওয়া জরুরি হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কাঠামো।
তামিম ইকবাল আরও বলেন, কেউ যদি দায়িত্বে থেকে ভুল করে, তাহলে তার জবাবদিহি থাকতে হবে। তবে জেনেশুনে ভুল করলে সেটি অপরাধের পর্যায়ে পড়ে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি জানান, গত আসরে দুটি দলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিই হয়নি, অথচ তারা পুরো আসর খেলেছে। ওই দুটি দল সিলেট ও নোয়াখালী বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই নিয়েছিল। এতে বোর্ডের ভুল সিদ্ধান্তের কারণে ভোগান্তি তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ফাহিম সিনহা জানান, খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে কাজ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটার সমস্যায় না পড়েন।