রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে তোপখানা রোডের একটি ভবনের দোতলায় অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে রাত ৮টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, উদীচী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর জানান, কার্যালয়ের ভেতরের কক্ষগুলোতেও আগুন জ্বলতে দেখা গেছে। নিরাপত্তার কারণে তারা বাইরে অবস্থান করছিলেন এবং ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970