উত্তরায় আবাসিক ভবনে আগুন, দুই পরিবারের ৬ জনের মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। ছুটির দিনের সকালে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ছয়জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, নিহতরা একই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটে বসবাস করতেন। তারা দুই পরিবারের সদস্য।
নিহতদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান রয়েছেন। রাব্বি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকার বাসিন্দা এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। তার স্ত্রী সুবর্ণা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। পরিবারের সদস্যরা জানান, তাদের আরেক সন্তান অন্যত্র অবস্থান করায় সে প্রাণে রক্ষা পেয়েছে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, নিহতদের শরীরে দগ্ধের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
অন্য পরিবারের নিহতরা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। প্রতিবেশীরা জানান, হারিছ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস লিকেজ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তদন্তে উঠে এসেছে।