সাবেক এমপি মোহাম্মদ আলীর হোটেল-মার্কেট জব্দের আদেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে থাকা তিনটি ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ভবনগুলোর মধ্যে রয়েছে দুটি পাঁচতলা মার্কেট-সংলগ্ন ভবন ও একটি তিনতলা হোটেল–বাড়ি।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। একই আদেশে মোহাম্মদ আলীর ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ৬ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আলীর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।
এদিন দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আলী ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তারা ওই সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলেও দুদক জানায়।