আবারও ভূমিকম্পের তথ্যে গড়মিল আবহাওয়া অফিসের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
ভূমিকম্প সংক্রান্ত তথ্য প্রকাশে আবারও ভুল ও গড়মিল দেখা গেছে আবহাওয়া অধিদফতরের ঘোষণায়। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে সংস্থাটি দুইবার ভিন্ন তথ্য দিয়েছে।
প্রাথমিক বার্তায় আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। তবে কিছুক্ষণ পর দেওয়া নতুন বার্তায় কম্পনের মাত্রা সংশোধন করে ৪ দশমিক ৩ বলা হয়। এতে ভূমিকম্পটির ক্যাটাগরি মৃদু থেকে হালকা পর্যায়ে পৌঁছে যায়। সময়ের তথ্যেও সামান্য পরিবর্তন আনা হয়—প্রথমে ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড বলা হলেও পরে সেটি ৫ সেকেন্ডে সংশোধন করা হয়।
আরও কিছুক্ষণ পর সংস্থাটি জানায়—৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়, আর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডের ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীতে।
এর আগে সকালে ১০টা ৩৬ মিনিটে অনুভূত কম্পনের ক্ষেত্রে প্রথমে উৎপত্তিস্থল ঢাকার অদূরে সাভারের বাইপাইল বলে জানানো হয়। পরে বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তিতে তা পরিবর্তন করে ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর–পূর্বে নরসিংদীর পলাশ উপজেলা বলে উল্লেখ করা হয়।