চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণা অনুযায়ী পরিবহন চেকপোস্ট বন্ধ থাকলেও সীমান্তবর্তী এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের কাছ থেকে কাগজপত্র যাচাইয়ের অজুহাতে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ আদায় করছে বলে দাবি চালকদের।
এমনই এক ঘটনায় উল্টো বিপাকে পড়েছেন এক চাঁদাবাজ। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় চাঁদা আদায় করতে গিয়ে ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর ওই ব্যক্তি চলন্ত ট্রাকে প্রায় পাঁচ কিলোমিটার ঝুলে থেকে প্রাণে বাঁচার চেষ্টা করেন।
ঘটনাটি ঘটে হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়ার মধ্যবর্তী এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, কাগজপত্র দেখানোর অজুহাতে এক ব্যক্তি তার কাছ থেকে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি জোর করে ট্রাকে উঠে পড়েন।
চালক জানান, ভয়ে তিনি গাড়ি থামাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকে ঝুলে থাকা ওই ব্যক্তি চালকের কাছে ক্ষমা চাইছেন।
ট্রাকচালকদের অভিযোগ, এ এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দীর্ঘ সময় হয়রানির শিকার হতে হয়। চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না এবং এর সঙ্গে কারা জড়িত—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।