এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিপাবলিকান ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও কঠোর নীতি গ্রহণ করে তার প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত এক বছরে রেকর্ডসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসাও বাতিল করা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র থেকে বহু অভিবাসীকে হাত-পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে অনেকের বৈধ ভিসাও ছিল বলে জানা গেছে। শুধু ভিসা বাতিলই নয়, নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার।

ভিসা বাতিল প্রসঙ্গে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। সেগুলো হলো—ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির মতো অপরাধ। তিনি আরও জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970