সৌদি আরবের সব থেকে বড় তেল শোধনাগারে আবারও ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে চালানো এই হামলার পেছনে ইরানকে দায়ী করা হয়েছে বলে দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
হামলার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় একটি ড্রোন আঘাত হানে।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সৌদি আরামকো ওই শোধনাগারটি পরিচালনা করে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বুধবারের হামলাটি ড্রোনের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবারও একই শোধনাগারকে লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ শোধনাগারের ভেতরে পড়ে আগুনের সূত্রপাত ঘটায়। ওই ঘটনার পরপরই শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।