উপসাগরে সব হামলা ইরানের নয়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ফাঁদও হতে পারে: সৌদি সাংবাদিকের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘটে যাওয়া সব হামলার জন্য ইরানকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল–আহমারি। তার মতে, এসব হামলার কিছু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত ফাঁদও হতে পারে, যার উদ্দেশ্য উপসাগরীয় দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ৩ মার্চ আশরাক নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল–আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হওয়া সব হামলাই ইরান থেকে পরিচালিত হয়—এমন ধারণা সঠিক নয়। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়ে উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করতে পারে।

বর্তমানে ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার প্রধান সম্পাদক এবং সৌদি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আদওয়ান আল–আহমারি। সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই মনে করেন চলমান সংঘাত আসলে একটি মার্কিন–ইসরায়েলি ফাঁদ, যার লক্ষ্য উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দেওয়া।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা আরও শক্তিশালী হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর ঘোষণা দেয় যে তাদের সব লক্ষ্য অর্জিত হয়েছে এবং তারা যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে, তাহলে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের মুখে ফেলে রেখে যেতে পারে।

অন্যদিকে, মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর হওয়া কয়েকটি ড্রোন হামলার পেছনে ইসরায়েল থাকতে পারে। ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপসাগরীয় অবকাঠামোর ওপর হওয়া কিছু ড্রোন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে।

মিডল ইস্ট আইকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের দুটি সূত্র জানিয়েছে—এসব হামলার কিছু হয়তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতর থেকেই পরিচালনা করে থাকতে পারে। এ কারণে সন্দেহভাজন ড্রোন সংরক্ষণাগার খুঁজতে তল্লাশি চালাচ্ছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তেহরান রিয়াদকে স্পষ্টভাবে জানিয়েছে যে রাস তানুরা হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের মতে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক শান্তি ও জোটকে দুর্বল করার লক্ষ্যেই ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট আরব দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আত্মরক্ষার স্বার্থেই তেহরান সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইরান অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলের দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970