বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম
ইরাকের রাজধানী বাগদাদে সামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বিমানবন্দরের একটি গুদামঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা সূত্রের দাবি, একটি ড্রোন বিমানবন্দরের সামরিক অংশে আঘাত হানে। এতে সেখানে থাকা একটি গুদামঘরে আগুন ধরে যায়।
ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছিল, বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সরবরাহ সহায়তা কেন্দ্রে রকেট হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, বাগদাদের পশ্চিমাঞ্চলের আবু গারিব এলাকা থেকে একটি যানবাহনের মাধ্যমে রকেটগুলো নিক্ষেপ করা হয়। রকেটগুলো একটি খোলা স্থানে গিয়ে পড়ে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরাকি কর্মকর্তারা জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির ভেতরে আরও কয়েকটি রকেট পাওয়া গেছে, যেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ঘটনার পরপরই বিষয়টি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত কয়েক দিনে বাগদাদ বিমানবন্দর এলাকা বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে গত তিন দিনে একাধিক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অন্যদিকে পৃথক এক ঘটনায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় তেল ও জ্বালানি খাতে কাজ করা একটি মার্কিন কোম্পানির স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলার পর ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
এনএফ৭১/একে