ইরানের হামলার ভয়ে সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ–১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঘটনার পর উত্তর সাইপ্রাসে এফ–১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তুরস্ক।
এই উদ্যোগটি তুরস্কের স্বীকৃত তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করার একটি পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হতে পারে বলে জানা গেছে।
এদিকে শনিবার মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরান প্রসঙ্গে আলোচনার পরিবেশ তৈরিতে আরও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
ফোনালাপে এরদোয়ান বলেন, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি স্টারমারকে জানান, ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি আঙ্কারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে এরদোয়ান সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: এএফপি।