অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, তীব্র জ্বালানি সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির এই শোধনাগারে আগুন লাগায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণসহ আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ১৩ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকার পর বৃহস্পতিবার তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সময় শোধনাগারের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় অর্ধেক এবং জাতীয়ভাবে প্রায় দশ শতাংশ জ্বালানি উৎপাদন করে থাকে। আগুন নিয়ন্ত্রণে এলেও এটি এখনো আংশিকভাবে চালু রয়েছে।

অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, এই ঘটনা এমন সময় ঘটেছে যখন বৈশ্বিক জ্বালানি বাজার ইতোমধ্যে চাপের মধ্যে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি এবং সরকার কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শোধনাগারের প্রধান নির্বাহী স্কট ওয়ায়াট জানিয়েছেন, আগুনে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ইউনিটগুলো অক্ষত থাকলেও নিরাপত্তার কারণে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন আংশিকভাবে কমিয়ে আনা হয়েছে।

জিলংয়ের মেয়র স্ট্রেচ কন্টেলজ এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি স্থানীয়ভাবে বড় ধরনের প্রভাব ফেলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যন্ত্রপাতির ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970