আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা বর্তমানে ভারতে নিরাপদে আছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগে আশঙ্কা প্রকাশ করলেও স্বস্তি জানিয়েছেন যে, দেশটি তাকে সুরক্ষিত রেখেছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন-পীড়নে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। পুলিশের গুলিতে অধিকাংশ নিহত হয়েছেন। এটি স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসনে রয়েছেন। জয় বলেন, “ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”
রায় ঘোষণার আগে সজীব ওয়াজেদ শঙ্কা প্রকাশ করে জানান, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটাকে টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে। হয়তো মৃত্যুদণ্ডও দিতে পারে।” তবে তিনি সঙ্গে সঙ্গে স্বস্তি প্রকাশ করে বলেন, “আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”