যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ২৫ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। বুধবার গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় কমপক্ষে ৩০৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারান গত সপ্তাহে এক দিনে ইসরায়েলের ব্যাপক প্রতিশোধমূলক হামলায়। একই সময়ে ইসরায়েল তিনজন সেনা নিহত হওয়ার দাবি করেছে।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বুধবার ভোর থেকেই ইসরায়েল গাজায় হামলা জোরদার করে—যা কার্যকর যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলায় আরও ২৫ জনের মৃত্যু হয়।
ইসরায়েলের দাবি, খান ইউনিসে তাদের সেনাদের ওপর হামলার জবাবে এসব বিমান হামলা পরিচালনা করা হয়েছে।