যুদ্ধ থামাতে ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকাতে তিনি দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এই তথ্য তিনি ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে জানান।
ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তখন আমি তাদের বলেছিলাম, ‘যুদ্ধ চালাতে চাইলে চালান, তবে প্রত্যেকের ওপর আমি ৩৫০ শতাংশ শুল্ক বসাব।’ আমি তাদের সতর্ক করেছি যে, পরমাণু বোমা ছোড়ে মানুষ মারা হলেও এর ধুলোবালি দূরে ভেসে যাবে। এটি কখনও গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যুদ্ধের আগে আমি দুই দেশের নেতাদের ৩৫০ শতাংশ শুল্কের ভয় দেখালাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আমাকে ফোন করে সংঘাত থামানোর প্রতিশ্রুতি দেন। এর কিছুক্ষণ পর ভারতের প্রধানমন্ত্রীও ফোন করে একই প্রতিশ্রুতি দেন।”
এর আগে ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাম উপজেলার বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। ভারতের প্রতিক্রিয়ায় ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও সেনা অভিযান চালানো হয়, যেখানে ৫১ জন নিহত ও ৭৮ জন আহত হন। পাকিস্তানও পাল্টা ‘বুনিয়ান উন মারসুস’ অভিযান পরিচালনা করে।
এরপর ১০ মে ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ প্রথমবার বৈঠক করেন। দু’দিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরবর্তীতে আরও দু’দফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে রয়েছে।
এর আগে ট্রাম্পও দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ তিনি থামিয়েছেন। পাকিস্তানের সরকার এ দাবির সত্যতা স্বীকার করেছে, তবে ভারত এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।