আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যাবেন হাসনাত আবদুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে তিনি এ সাক্ষ্য দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ সকাল ১০টার পর হাজির হতে পারেন হাসনাত আবদুল্লাহ। তিনি এ মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।

এ মামলায় বর্তমানে ছয় জন আসামি গ্রেফতার রয়েছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে ২৭ নভেম্বর, ধারাবাহিকভাবে ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আজকের দিনটি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। ২৪ নভেম্বর এক পুলিশ কর্মকর্তার জবানবন্দি নেওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা নেওয়া হয়নি। এর আগের দিন, ২৩ নভেম্বর, এক শিক্ষার্থী সাক্ষ্য দেন যিনি আবু সাঈদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তিনি জানান, মৃত ঘোষণা করার পর পথ থেকে লাশটি পুলিশ নিয়ে যায়। ১৮ নভেম্বর সাক্ষ্য দেন শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া, যিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970