সরকারি নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টাল বিডিটুডে’র ওয়েবসাইট ব্লক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন নিউজ পোর্টাল বিডিটুডে ডট নেট-এর ওয়েবসাইট সরকারি নির্দেশনায় মোবাইল ইন্টারনেটে ব্লক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর নেটওয়ার্কে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।
সরকারের ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনায় সাইটটি ব্লক করা হয়েছে বলে মোবাইল অপারেটর গ্রামীণফোন নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, “বিটিআরসি থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে।” তবে কী ধরনের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে, মোবাইল অপারেটর রবি এই ব্লকিংয়ের দায় অস্বীকার করেছে। রবির চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অফিসার শাহেদুল আলম বলেন, “আমাদের এখানে কোনো ভূমিকা নেই। কোনো ওয়েবসাইট ব্লক করার ক্ষমতা অপারেটরদের নেই। সরকার চাইলে তা করতে পারে।”
এ বিষয়ে জানতে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে জানান, বিডিটুডে’র ওয়েবসাইট বন্ধের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, “এ ধরনের কোনো অনুমোদন আমি দেইনি। কারা এটি ব্লক করেছে তাও আমার জানা নেই।”
গত মঙ্গলবার থেকেই মোবাইল ডাটা ব্যবহার করে বিডিটুডে’র ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। পোর্টালটির প্রধান উদ্যোক্তা অধ্যাপক ড. মোকাররম হোসেন এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সরকারি আদেশে বিভিন্ন মোবাইল অপারেটর বিডিটুডে ব্লক করে দিয়েছে।
তিনি বলেন, “আগেও বিভিন্ন সময়ে বিডিটুডে বহুবার ব্লক করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত দেশে একটি বাংলাদেশপন্থি মিডিয়া বন্ধ করে দেওয়া কল্পনাতীত।” দ্রুত ওয়েবসাইটটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।
গণমাধ্যমের যাচাইয়ে দেখা গেছে, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকের মোবাইল ডাটা ব্যবহার করে বুধবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। গ্রামীণফোন নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করলে ‘অননুমোদিত ওয়েবসাইট’ সংক্রান্ত নোটিফিকেশন দেখানো হচ্ছে। বাংলালিংকে ‘Access to website is blocked’ বার্তা ভেসে উঠছে। তবে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে এখনও ওয়েবসাইটটি খোলা যাচ্ছে।
উল্লেখ্য, বিডিটুডে ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি অনলাইন নিউজ পোর্টাল। নিউজ এগ্রেগেটরের পাশাপাশি নিজস্ব প্রতিবেদকদের মাধ্যমে সংবাদ প্রকাশ করে থাকে পোর্টালটি। বর্তমানে এর ফেসবুক পেইজে অনুসারীর সংখ্যা প্রায় ১৩ লাখ।
সূত্র: দ্য ডিসেন্ট