জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র নামেও পরিচিত, আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি উপস্থিত থাকবেন। বিষয়টি বিএনপির গণমাধ্যম সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে বিকেলে জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় তারা ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। সাক্ষাৎকালেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান প্রধানমন্ত্রী।