রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ, দেয়া হবে কাগজের ব্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
আগামীকাল (৫ অক্টোবর) থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে কঠোর চেকিং; পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে প্রবেশ রোধ করা হবে। এর পরিবর্তে ব্যবহার করা হবে কাগজ বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ।
শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা এসব পণ্য বন্ধে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। সচিবালয়ের বিভিন্ন স্থানে বোর্ড বসানো হয়েছে এবং মনিটরিং টিম নিয়মিত তদারকি করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা-সেমিনারে প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার করা যাবে না। এর বদলে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পারসন ও মনিটরিং কমিটি গঠন করা হবে।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও এসইউপি ব্যবহার বন্ধের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। রোববার থেকে সচিবালয়কে পুরোপুরি এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।