মুক্তিযুদ্ধে প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনে করেন। তার মতে, দেশের গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ছিল গুরুত্বপূর্ণ এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন মূলত গণতন্ত্রের জন্যই উৎসর্গিত।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, একজন কর্মী হিসেবে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস তাদের ওপর রেখেছেন, সেই আস্থার প্রতিফলন ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তুলে ধরতে চান তারা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথচলার সূচনা করেছেন, সেই যাত্রায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যথাযথভাবে পরিচালনার চেষ্টা করা হবে।
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তিনি বলেন, গত ১৮ বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে রাজাকার তালিকায় যেসব প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোও যাচাই করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। শিগগিরই মন্ত্রণালয়ে বসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধাপে ধাপে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।