‘আয়নাঘরের রূপকার’ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে।
এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। তখন তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদের বিষয়ে তদন্তের কথা জানানো হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সোমবার রাতে এক-এগারোর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানবপাচারের একটি মামলায় বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পাল্টা গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।