বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর আগের অবস্থায় নেই, বরং এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে সালাহ উদ্দিন আহমদ উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে জাতীয় মানবাধিকার কমিশন বিরোধী দল ও মত দমনে ব্যবহৃত হয়েছে। গুম ও হত্যার মতো ঘটনার বৈধতা দেওয়া এবং ভুক্তভোগীদের দোষারোপের ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানকে কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যতেও যদি মানবাধিকার কমিশনকে কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এর নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তিনি মনে করেন, সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, অন্যথায় নিরপেক্ষ অনুসন্ধান সম্ভব হবে না।