এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ, দেশত্যাগেও নিষেধাজ্ঞা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
কর ও শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ নভেম্বর) দুদকের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তদের সম্পদের তথ্য যাচাই করতে ইতোমধ্যে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।
চলতি বছরের জুনে এনবিআর কর্মকর্তাদের সংস্কার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে থাকতেই দুদক তদন্তে নামে। আন্দোলনে সম্পৃক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদারসহ বেশ কয়েকজন সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে কর ফাঁকির সুযোগ দিয়ে অবৈধ সম্পদ গঠনের অভিযোগ ওঠে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদের সত্যতা পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। সম্পদের হিসাব যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে। পর্যায়ক্রমে বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের সম্পদ জব্দ করা হবে।
এদিকে একই দিনে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।