ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
মাসুমা হাদি বলেন, “এ মুহূর্তে ব্যক্তিগতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের সিদ্ধান্ত থাকলে আমি নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।”
মানববন্ধনে তার সমর্থকরা মাসুমা হাদিকে প্রার্থী করার দাবি জানান। তারা বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। আমরা চাই তার এই লড়াই অব্যাহত থাকুক।”
বক্তারা আরও জানান, “ওসমান হাদির প্রতিচ্ছবি আমরা তার বোন মাসুমা হাদিতে দেখতে পাই। আমরা চাই মাসুমা হাদি ঢাকা-৮-এর সংসদ সদস্য প্রার্থী হোন। দেশবাসীরাও এ দাবি করছে।”
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। এই ঘটনায় ছাত্রলীগ নেতা মাসুদ ফয়সাল ও সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
গুলিতে আঘাতপ্রাপ্ত ওসমান হাদির মস্তিষ্কের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ২০ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়।