হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:০৪ এএম
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হাদির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কোনো আপস করা হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি ভাই, আমরা তোমাকে কথা দিচ্ছি—তুমি যে স্বপ্ন নিয়ে লড়াইয়ে নেমেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।”
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশজুড়ে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাচল ও কর্মক্ষেত্রে নারীরা যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে জামায়াত অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ মিলেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “কিছু বন্ধুদের বলতে চাই—মায়েদের ইজ্জতে কেউ হাত দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করা যাবে, কিন্তু মায়েদের সম্মান নিয়ে কোনো আপস হবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, দেশে সরকারি ট্যাক্সের পাশাপাশি একটি ‘বেসরকারি ট্যাক্স’ চালু রয়েছে, যা চাঁদাবাজির নামান্তর। এমনকি রাস্তার পাশে ভিক্ষা করা মানুষদের কাছ থেকেও এই চাঁদা আদায় করা হয়। জামায়াত ক্ষমতায় এলে এই চাঁদাবাজি বন্ধ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
ভোট ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে আর কোনো ভোটচোর বা ভোট ডাকাতি দেখতে চান না জনগণ। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের রাজনীতি থেকে বিদায় দিতে গণভোটে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন কোনো রূপে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও ৫ আগস্টের মতোই হবে। মানুষ আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।