জিকির করতে করতে ভোটকেন্দ্রে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটারদের জিকিরের সঙ্গে দলে দলে ভোটকেন্দ্রে এসে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন কামনা করে। এ নির্বাচন আগের তুলনায় ভালোভাবে এগোলেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড তাদের শঙ্কিত করছে বলে দাবি করেন তিনি।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে একটি কুচক্রী মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। যারা ভোট কেনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। দেশবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, বরগুনা, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের হাতে হাতপাখা প্রতীকের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচন করছেন না—এমন প্রচারণাও চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। সারাদেশে অর্থ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮টি আসনেই শেষ পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামীকাল সকালে জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970