নলকূপের ৩০ ফুট গর্তে আটকা দুই বছরের শিশু, ৯ ঘণ্টা ধরে চলছে উদ্ধার কাজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের পরিত্যক্ত ৩০ ফুট নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু স্বাধীন। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের নিয়ে নয় ঘণ্টা ধরে তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। শিশুটির কাছে অক্সিজেন পৌঁছে দিতে গর্তে পাইপ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, এবং সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটি সাড়া দিচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্বাধীন স্থানীয় রাকিব উদ্দীনের ছেলে। অভিযোগ রয়েছে- গভীর নলকূপের মালিক তাহের মিয়া দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পাইপটির মুখ খোলা অবস্থায় রেখেছিলেন, কোনো সতর্কতা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে আটকে যাওয়া একটি ট্রলি দেখতে গিয়ে শিশুটি মায়ের কোল থেকে নেমে হাঁটতে হাঁটতে গর্তে পড়ে যায়। গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যাচ্ছিল, তবে গভীর হওয়ায় নিচে দেখা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রউফ জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে অতিরিক্ত টিম নিয়ে উদ্ধারকাজ চলছে। শিশুটি জীবিত পাওয়ার আশাই করছেন তারা।

তানোর থানার ওসি মো. হাসান বাসির বলেন, গর্তটি প্রায় ৩–৪ ফুট চওড়া এবং ৩০–৩৫ ফুট গভীর। অক্সিজেন সরবরাহের মাধ্যমে শিশুর জীবনচিহ্ন পাওয়া যাচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, সবাই দোয়া করছেন যেন শিশুটি নিরাপদে উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970