‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত প্রায় ১২টা পর্যন্ত চললে ইউএনও শামিমা আক্তার জাহান একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করে অনুষ্ঠানের বিষয়ে জানতে চান।
ফোনালাপে মেহেরবান মিঠু জানান, রয়েল ফুটবল একাডেমির একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এ সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, এ কারণে অনুষ্ঠান শেষ হতে কিছুটা সময় লাগছে। এ সময় তিনি বলেন, “এখনই শেষ হয়ে যাবে, আপু।” অভিযোগ রয়েছে, ‘আপু’ সম্বোধন শোনার পর ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
ফোনালাপের এক পর্যায়ে ইউএনওকে বলতে শোনা যায়, “আমি আপনার আপু নই—ফর ইউর কাইন্ড ইনফরমেশন। অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না। আপনি কি এই অনুষ্ঠানের অনুমতি নিতে এসেছিলেন?” এ সময় মিঠু জানান, তিনি নিজে অনুমতি নিতে উপস্থিত ছিলেন না। পরে ইউএনওর কঠোর বক্তব্যের পর তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ বলে সম্বোধনের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং ‘আপু’ একটি সম্মানসূচক শব্দ। আবার কেউ কেউ প্রশাসনিক শৃঙ্খলা ও নিয়মকানুনের গুরুত্বের কথাও উল্লেখ করেন।
রয়েল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু বলেন, “নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে ‘আপু’ বলেছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হবেন, তা ভাবিনি। ঘটনাটি আমাদের কষ্ট দিয়েছে।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “‘আপু’ বলার কারণে আমি রাগ করিনি। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তাই সেটি বন্ধ করতে বলেছি। বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।”