মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
কুমিল্লার লাকসাম উপজেলায় একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন বলে শতাধিক শিক্ষার্থী বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশনের পাশে অবস্থিত ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ওই সময় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাঙ্গণের ভেতরের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এমন সময় এক শিক্ষার্থী মাদ্রাসা ভবনের দিক থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের সহায়তা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে টিনশেড ভবনের বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়।
মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ মোট সাতটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং সেহরির জন্য প্রস্তুত রাখা খাবারও নষ্ট হয়ে গেছে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, গভীর রাতে শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে থাকে তখন যদি আগুন লাগত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। আল্লাহর অশেষ রহমতে সে সময় শিক্ষার্থীরা মসজিদে থাকায় সবাই নিরাপদ রয়েছে।