টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ দাফন, এলাকায় শোকের মাতম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায় পৌঁছে গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছায়। মরদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় নিহতরা ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকার পথে ফিরছিলেন।
নিহতরা হলেন— নিজপাড়া গ্রামের হামিদুল ইসলাম ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস আক্তার (৪০) এবং তাঁদের ছেলে নিবর মিয়া (১৫), একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০), এবং ছত্রগাছা গ্রামের জাকির মিয়ার স্ত্রী দোলা বেগম (৪২)। তারা সবাই ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত দোলা বেগমের ঘটনা আরও হৃদয়বিদারক। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসে একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই আনন্দের কিছু সময় কাটতে না কাটতেই তাঁর জীবন নিভে গেল।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে শুক্রবার সাদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে বহনকারী বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন চলে আসে এবং সরে যাওয়ার আগেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
এ ঘটনায় পুরো গ্রাম শোকে নিমজ্জিত। প্রিয়জন হারানোর ব্যথায় স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।