৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নিলে মহাসড়কটির যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ৬ লেন বাস্তবায়নের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, সড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটে, সংবাদপত্র খুললেই তার প্রমাণ মেলে। বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধে নেমেছেন।
তাদের আরও অভিযোগ, এটি শুধু স্থানীয় জনগণের সড়ক নয়—দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন, অথচ দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির মতো সরু। জাঙ্গালিয়া এলাকার মতো কিছু অংশ অত্যন্ত ঢালু ও আঁকাবাঁকা। রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তার পিচ্ছিলভাব দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ায়। প্রতিটি দুর্ঘটনার পর সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই।
এর আগে একই দাবিতে ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি প্রদান করা হয়। তবুও বাস্তব কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসী আবারও আন্দোলনে নেমেছেন।