প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভিডিও কলে রেখেই চিকিৎসকের আত্মহত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
মাদারীপুরের রাজৈরে প্রেমঘটিত মনোমালিন্যের জেরে ভিডিও কলেই আত্মহত্যা করেছেন অনিক আশ্চর্য (৩৫) নামের এক চিকিৎসক। সোমবার (৮ ডিসেম্বর) রাতে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত অনিক পাশের এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছর ধরে ওই হাসাপাতালে কর্মরত ছিলেন অনিক আশ্চর্য। ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়ার সুবিধার্থে টেকেরহাট নূর জাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলার ফ্লাটবাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো সোমবারও রোগীদের সেবা প্রদান করে অনিক বাসায় আসেন।
এ সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ অনিকের পরিবারের। পাশের রুমে থাকা নৃপন নামে অন্য এক ব্যক্তি আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।
সিটি হসপিটালের মালিকপক্ষ আনিসুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানে প্রায় ৮ থেকে ১০ বছর যাবত কাজ করতেন অনিক। প্রেমের সম্পর্কে জড়িত ছিল। সোমবার রাতে ওই প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে তাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে মোবাইলে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে। তবে কেউ বলছে কথিত স্ত্রী আবার কেউ বলছে প্রেমিকা। এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।