সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষক, ফেসবুকে ছড়াল ‘জামায়াত-শিবিরের হামলা’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘জামায়াত-শিবিরের হামলা’ বলে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, জামায়াত-শিবিরবিরোধী মত প্রকাশের কারণে তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। বাপ্পাদিত্য বসু নামে একজন তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, শিবির ক্যাডাররা তার ওপর নৃশংস হামলা চালিয়েছে। একই ধরনের দাবি করে আল আমিন রহমান নামের আরেকজনও ফেসবুকে পোস্ট দেন।
তবে স্থানীয় সূত্র ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি ছিল একটি সাধারণ সড়ক দুর্ঘটনা। গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়নাব বিনতে হোসেন রিকশায় করে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু বলেন, আহত শিক্ষকের মা বিভাগকে জানিয়েছেন, রিকশায় চলার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি পড়ে গিয়ে আঘাত পান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, সুস্থ হওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।