সমালোচনার মুখে ডাকসু থেকে পদত্যাগ করলেন সর্বমিত্র চাকমা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে তাকে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ক্যাম্পাস নিরাপদ করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। এ লক্ষ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে উপস্থাপন করেছেন।

তিনি জানান, সর্বশেষ সেন্ট্রাল ফিল্ড নিয়ে নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই, এমনকি সিসি ক্যামেরাও স্থাপন করা হয়নি। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। ফিমেল শিক্ষার্থীরা বহিরাগতদের কারণে মাঠে খেলতে না পারা এবং হেনস্তার শিকার হওয়ার অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন সর্বমিত্র।

স্ট্যাটাসে আরও বলা হয়, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা সম্ভব হয়নি। গত মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি কঠোর অবস্থান নিতে বাধ্য হন বলেও উল্লেখ করেন সর্বমিত্র। তার ভাষ্য অনুযায়ী, তার পন্থা ভুল হতে পারে, তবে প্রশাসনের স্থবিরতার কারণে কঠোরতা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না।

সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাই ছিল তার একমাত্র ভাবনা। একা বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং দায়িত্বের সীমা ছাড়িয়েও সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে আইনের ঊর্ধ্বে যেতে হওয়ায় তার ব্যক্তিগত ও মানসিক জীবনে মারাত্মক প্রভাব পড়েছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই বলে জানান তিনি।

পোস্টে সর্বমিত্র স্পষ্ট করে বলেন, তিনি কারও প্রতি অভিমানবশত বা কোনো প্ররোচনায় পদত্যাগের সিদ্ধান্ত নেননি।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় ৩০ জন কিশোর-তরুণকে কান ধরে উঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরও আগে ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাত দোকান উচ্ছেদের সময় গভীর রাতে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970