ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ডাকসুর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, গত ১২ মার্চ দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় অবস্থিত সাইফুল্লাহর নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় তার সন্তানসহ পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। ঘটনায় তারা আতঙ্কের মধ্যে পড়েন।

ডাকসুর দাবি, হামলার পেছনে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা জড়িত। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সংগঠনটির বক্তব্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী সাইফুল্লাহকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মদদপুষ্ট একটি গোষ্ঠীকে ঘিরে সৃষ্ট ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়।

ডাকসু আরও দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাইফুল্লাহ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে ডাকসু। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970