ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক আবদুস সালাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক আবদুস সালামকে সাময়িকভাবে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।