ব্রাকসু নির্বাচন: ওএমআর মেশিনেই হবে ভোট গণনা
কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা করা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) পদ্ধতিতে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থী বা এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বক্স খোলার পর পৃথকভাবে ওএমআর রিডার মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহার করে প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল প্রস্তুত করবেন। প্রস্তুতকৃত ফলাফল শীটে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা এবং উপস্থিত প্রার্থী/এজেন্টদের স্বাক্ষর গ্রহণ শেষে ব্যালট পেপার প্যাকেটজাত করে সংরক্ষণ করা হবে।
গণনাকৃত ভোট নিয়ে যৌক্তিক কারণে কোনো প্রার্থী আপত্তি জানালে রিটার্নিং কর্মকর্তা পুনঃগণনার সুযোগ দিতে পারবেন। ফলাফল শীট প্রার্থী বা এজেন্টকে প্রদান করা যাবে।
ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে কিনা জানতে চাইলে সহকারী নির্বাচন কমিশনার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করছি।