ভারতে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে এএমইউ ক্যাম্পাসের এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দানিশ রাও তার দুই সহকর্মীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। এ সময় একটি স্কুটারে আসা দুই যুবক তাদের পথরোধ করে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে উদ্দেশ করে হুমকিমূলক কথা বলে। এরপর খুব কাছ থেকে তাকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় দানিশ রাওকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছেই এই হামলার ঘটনা ঘটে।

আলীগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানান, হামলায় দুজনই গুলি চালায় এবং ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ছয়টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় রাজ্যের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির দাবি করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970