ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে বিনা নোটিশে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ করে গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কোগিলু এলাকার ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে প্রায় ২০০টি বসতঘর ভেঙে দেওয়া হয়। এতে রাতারাতি শত শত পরিবার মাথা গোঁজার ঠাঁই হারায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ ডিসেম্বর ভোর চারটার দিকে বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড উচ্ছেদ অভিযান চালায়। বছরের এই সময়ে বেঙ্গালুরুতে তীব্র শীত বিরাজ করলেও কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই অভিযান চালানো হয় বলে অভিযোগ বাসিন্দাদের। ফলে বহু পরিবার প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সরানোর সুযোগ পায়নি।

ক্ষতিগ্রস্তরা জানান, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। প্রত্যেকের কাছেই আধার কার্ড ও ভোটার আইডিসহ বৈধ পরিচয়পত্র রয়েছে। তবুও পুলিশি সহায়তায় জোরপূর্বক তাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে বলে দাবি তাদের।

এ ঘটনাকে ঘিরে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বাম ফ্রন্টের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, উত্তর ভারতে বিজেপির ‘বুলডোজার রাজনীতির’ মতো একই কৌশল এখন কর্ণাটকের কংগ্রেস সরকারও অনুসরণ করছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কংগ্রেস সরকারের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সংখ্যালঘুবিরোধী রাজনীতি সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও উচ্ছেদের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970