হরমুজ প্রণালিতে মাইন বসালো ইরান, বিস্মিত ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে ইরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিস্মিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ৩ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইরান এই প্রণালিতে মাইন বসানোর কার্যক্রম শুরু করেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌ সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালি অচল করতে ইরান ছোট নৌযান ব্যবহার করছে।

ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর সামরিক পরিকল্পনাতেই বহুদিন ধরে বিবেচনায় ছিল। কিন্তু সাম্প্রতিক পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের জন্য অপ্রত্যাশিত হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোপন বৈঠকে আইনপ্রণেতাদের স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালি বন্ধ করার উদ্যোগ নিতে পারে—এমন সম্ভাবনা আগে থেকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় প্রশাসনে দায়িত্ব পালন করা এক সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে এমন পরিস্থিতি প্রতিরোধের পরিকল্পনা একটি মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। যুদ্ধাবস্থা শুরু হলেও ট্রাম্প প্রশাসনের এ বিষয়ে আগাম প্রস্তুতি না থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970