মোদীর মতোই ঝালমুড়ি খেয়ে মদন মিত্রের নির্বাচনি প্রচারণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনি প্রচারণায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনা চলছে, তখন পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনার কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।
সোমবার (২০ এপ্রিল) উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া রেল স্টেশনে বসে ঝালমুড়ি খেতে দেখা যায় মদন মিত্রকে। স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে তিনি নিজে ঝালমুড়ি কিনে খান এবং আশপাশের মানুষদেরও খাওয়ান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
ঝালমুড়ি খেতে খেতে মদন মিত্র বলেন, তিনি যতবার এই এলাকায় আসবেন, তা তাদের জন্য আশীর্বাদ হিসেবে থাকবে। কেউ দোকানে গিয়ে নাটক দেখালে, তারা পরের দিন থেকে ঝালমুড়ি খেতে খেতেই তার জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি অভিযোগ করেন, দুই কোটি চাকরি, পনেরো লক্ষ টাকা নগদ সহায়তা এবং তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার মতো প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
এরপর নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনা করে মদন মিত্র বলেন, তিনি যেন মারীচ রাক্ষসের মতো সন্ন্যাসীর ছদ্মবেশে এখানে এসেছেন। এ ধরনের ভণ্ডামি বন্ধ হওয়া উচিত এবং মানুষকে বুঝতে হবে এটি আসলে নাটক ছাড়া কিছু নয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী বাঙালিদের অপমান করেন। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বিভিন্ন মন্তব্যের সমালোচনাও করেন। শেষে তিনি বলেন, এটি ছিল প্রতীকী প্রতিবাদ এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিবাদ চলবে।