৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরলেন রোগী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম

ছবি: সংগৃহীত

প্রায় ৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও এক রোগীকে জীবিত ফিরিয়ে এনে চিকিৎসা বিজ্ঞানে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসকেরা। শুরুতে অনেকেই তাকে মৃত মনে করলেও শেষ পর্যন্ত অক্লান্ত প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।

বিরল এই ঘটনা ঘটেছে চীনের একটি হাসপাতালে। ৪০ বছর বয়সী ওই রোগীর নাম প্রকাশ করা হয়নি। তবে এই ঘটনার পর চিকিৎসকদের দক্ষতা ও প্রচেষ্টা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চীনের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই রোগীর হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়।

চিকিৎসকেরা জানান, তিনি মারাত্মক হৃদপিণ্ডের প্রদাহজনিত এক জটিল রোগে আক্রান্ত ছিলেন, যা সাধারণত ভাইরাসজনিত সংক্রমণ থেকে হয়ে থাকে।

রোগীর হৃদস্পন্দন ফেরাতে চিকিৎসকেরা প্রায় ১০ বার বৈদ্যুতিক শক প্রয়োগ করেন। কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। পরে তাকে বিশেষ এক যন্ত্রের সহায়তায় রাখা হয়, যা কৃত্রিমভাবে হৃদপিণ্ড ও ফুসফুসের কার্যক্রম চালিয়ে নেয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রোগীর হৃদযন্ত্র দীর্ঘ সময় কার্যত অকার্যকর ছিল। তবে নিবিড় চিকিৎসা ও যন্ত্রের সহায়তায় তার শরীর সচল রাখা সম্ভব হয়।

প্রায় ৪০ ঘণ্টা পর তার হৃদযন্ত্র আবার কাজ শুরু করে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর আরও কয়েকদিন তাকে যন্ত্রের সহায়তায় রাখা হয়। পরে বিশেষ হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয় তাকে।

প্রায় ২০ দিনের মধ্যে রোগী সম্পূর্ণ চেতনা ফিরে পান এবং নিজে নিজে হাঁটতেও সক্ষম হন।

সুস্থ হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে ঐতিহ্যবাহী রেশমের ব্যানার উপহার দেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970