ভারতের কর্ণাটকে আবারও হিজাব পরতে পারবে ছাত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:০২ পিএম
ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা হিজাব, পৈতা, রুদ্রাক্ষসহ বিভিন্ন ধর্মীয় চিহ্ন পরতে পারবে।
রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এই নিয়ম কার্যকর হবে। তবে ইউনিফর্ম ব্যবস্থাই বহাল থাকবে এবং ধর্মীয় প্রতীক ব্যবহারে যেন শৃঙ্খলা, নিরাপত্তা বা শিক্ষার্থীদের পরিচয় নির্ধারণে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
২০২২ সালে তৎকালীন ভারতীয় জনতা পার্টি সরকারের নির্দেশনায় শ্রেণিকক্ষে ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরে কর্ণাটকে ব্যাপক বিতর্ক, বিক্ষোভ ও আইনি লড়াই শুরু হয়। বিশেষ করে হিজাব পরা মুসলিম শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আগেই ইঙ্গিত দিয়েছিল যে তারা আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অবশেষে বুধবার আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হলো।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, ধর্মীয় প্রতীক ইউনিফর্মের বিকল্প নয়; তবে নির্ধারিত পোশাকের সঙ্গে তা সীমিতভাবে ব্যবহার করা যাবে।
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির বিধায়ক ভরত শেট্টি বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি দেওয়া হয়, তবে হিন্দু শিক্ষার্থীদেরও গেরুয়া উত্তরীয় পরার অনুমতি দেওয়া উচিত।