নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানের দূতাবাসের প্রতিক্রিয়া
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৫৮ পিএম
বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে এই নামটি রাখা হয়। এরপর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মহিষটির গল্প।
এই আলোচনায় এবার যুক্ত হয়েছে ইরানও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে মজার মন্তব্য করেছে। সেখানে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।”
ইরানি দূতাবাস তাদের পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে দেয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা এবং মানুষের ভিড়ের কারণে মহিষটি আগের মতো স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছে না।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) ওজনের এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই খামারে ভিড় করছেন অসংখ্য মানুষ।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা এই মহিষটির এমন নামকরণের পেছনে মূল কারণ হলো এর চুলের স্টাইল। তার ছোট ভাইই মজার ছলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি দেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে খামারে নিয়মিত দর্শনার্থীদের ভিড় বাড়ছে। স্থানীয় মানুষ, শিশু এবং অনলাইন অনুসারীরা সবাই ভিড় করছেন শুধু এক নজর দেখার জন্য।
ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই মহিষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া